বন্দরে পৌঁছেছে ১২ হাজার টন জেট ফুয়েল, রাতে আসছে ৬৮ হাজার টন ডিজেল
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সিঙ্গাপুর থেকে আমদানিকৃত ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করেছে। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা এই জ্বালানি উড়োজাহাজে ব্যবহৃত হবে। এছাড়া আজ রাত ১১টার দিকে আরও প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দু’টি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, রাতে আসা জাহাজ দু’টির মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ ৩৩ হাজার টন এবং ‘এমটি লুসিয়া সলিস’ ৩৫ হাজার টন ডিজেল নিয়ে আসছে। এই চালানে সরবরাহকারী হিসেবে রয়েছে ইউনিপ্যাক সিঙ্গাপুর ও ভিটল এশিয়া। দেশে মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই ডিজেল নির্ভর হওয়ায় এই চালানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিপিসির তথ্য অনুযায়ী, ১২ এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুত ছিল প্রায় ২২ হাজার টন, যা দিয়ে দুই সপ্তাহের চাহিদা মেটানো সম্ভব। নতুন চালান আসায় এই মজুত আরও শক্তিশালী হলো। অন্যদিকে, ১২ এপ্রিল পর্যন্ত ডিজেলের মজুত ছিল এক লাখ ১৯ হাজার টন, যা দিয়ে ১০ দিনের চাহিদা মেটানো যেত। রাতের নতুন চালানটি যুক্ত হলে এই সক্ষমতা আরও চার থেকে পাঁচ দিন বাড়বে।
বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, চলতি মাসে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। নির্ধারিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে। তিনি আশ্বস্ত করে বলেন, নির্ধারিত সময়ে জাহাজগুলো আসায় চলতি মাসে জ্বালানি তেলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই।
গত ৩ এপ্রিল আরও দুটি জাহাজে করে ৬১ হাজার টন ডিজেল দেশে এসেছিল। বর্তমানে দেশে দৈনিক গড়ে প্রায় ১১ হাজার টনের বেশি ডিজেল এবং প্রায় এক হাজার ৭৫৮ টন জেট ফুয়েল বিক্রি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক