বন্দরের জট নিরসনে অনলাইন নিলামে উঠছে ২২০ কন্টেইনার পণ্য
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, নিরাপত্তাসহ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে চলতি মে মাসে ২২০ কন্টেইনার পণ্য অনলাইন (ই-অকশন) পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এসব কন্টেইনারে কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস, এসি পার্টস, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি, লবণ ইত্যাদি পণ্য রয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে আল আমিন শেখ জানায়, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধকল্পে কাস্টমস হাউস, চট্টগ্রাম অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে নিলাম আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় চলতি মে মাসে নিলামযোগ্য ২২০ কন্টেইনার পণ্য ই-অকশান পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর কর্তৃক জারিকৃত নিলামের বিশেষ আদেশ নং- ৮২/২০২৫/কাস্টমস অনুসারে ই-অকশন-৪/২০২৬ ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস, এসি পার্টস ইত্যাদি। এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না।
অপরদিকে এনবিআর কর্তৃক জারিকৃত নিলামের স্থায়ী আদেশ নং- ৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুসারে ই-অকশন-৫/২০২৬ এ ১৭ লটে ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি, লবণ ইত্যাদি।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতায় নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে পুরো মে মাস জুড়ে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবে। জামানতের পে-অর্ডার ও আনুষঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে। আগামী ৯ জুন বেলা ১১টায় ঘটিকায় ই-অকশন-৪/২০২৬ এবং আগামী ১৪ মে দুপুর ৩টায় ই-অকশন-৫/২০২৬ এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিডারগণকে ই-অকশান পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে। চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এ নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক