চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) পৃথক ঘটনায় বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে তলিয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামের মোহাম্মদ আশিক (৮) ও একই ইউনিয়নের রত্নপুর গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মো. মিরাজ (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বাড়ির আশপাশে জমে থাকা বন্যার পানিতে খেলছিল আশিক। একপর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত গুণাগরির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময়ে রত্নপুর এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মিরাজ। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বন্যার পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুছ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার কারণে এলাকার সর্বত্র পানি জমে থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম