দর্জিকে গুলির পর কুপিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামের এক দর্জিকে বাড়ির পাশে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন মুহাম্মদ আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজমের মরদেহ উদ্ধার করে।
মেখল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ সৈয়দ মিয়া বলেন, নিহত আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। এ ঘটনায় প্রশাসন জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করবে, এটাই এলাকাবাসীর চাওয়া।
হাটহাজারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পায়ে গুলি ও শরীরের বিভিন্ন অংশে কোপানোর আঘাত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)