শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন ১০ দিনের রিমান্ডে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ তার পাঁচ সহযোগীকে দুইটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২ আগস্ট) সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে ফটিকছড়ির দুটি হত্যা ও অস্ত্র মামলায় পুলিশ ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল, যা শুনানি শেষে আদালত মোট ১০ দিনের মঞ্জুর করেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, অন্য একটি আদালতে ম্যাজিস্ট্রেট মো. লোকমান চৌধুরী হাটহাজারীর একটি হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্ত্রাসী ধামা ইলিয়াসে দেয়া তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় ডেভিড ইমনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম শহর ও জেলায় ৭টি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও অস্ত্রবাজির অন্তত ১৩টি মামলা রয়েছে। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন এবং টার্গেট কিলিংয়ের মাধ্যমে এলাকায় ভীতির রাজত্ব কায়েম করেছিলেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম