একটি গ্রহণযোগ্য বাজেট দেখতে চাই : বিটিএমএ সভাপতি
আসন্ন বাজেট নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে গিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, তিনি কেবল একটি গ্রহণযোগ্য বাজেট দেখতে চান। আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে আয়োজিত 'কেমন বাজেট চাই' অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ব্যবসায়ী এই নেতা বলেন, ‘আমাকে যদি প্রশ্ন করেন বাজেট কেমন দেখতে চাই, আমি এককথায় বলবো—এইবার অন্তত একটা গ্রহণযোগ্য বাজেট দেখতে চাই।’
শিল্পকারখানায় জ্বালানি সংকটের চিত্র তুলে ধরে শওকত আজিজ রাসেল জানান, গতকাল তার ফ্যাক্টরিতে ১৩ ঘণ্টা গ্যাস ছিল না এবং এটি কেবল তার একার নয়, বরং দেশের সব ব্যবসায়ীর বর্তমান সমস্যা। তিনি বাজেটে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণের ওপর জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে প্রাধান্য দেওয়া হলেও এর পাশাপাশি সরকারকে শিল্প নিয়েও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। সভাপতির মতে, শুধু বাজেট প্রণয়ন করলেই হবে না, এর সঙ্গে প্রয়োজনীয় পলিসি রিফর্ম বা নীতি সংস্কারের বিষয়টিও যুক্ত করা জরুরি।
দেশের টেক্সটাইল খাতের করুণ দশা তুলে ধরে শওকত আজিজ আক্ষেপ প্রকাশ করেন যে, সরকার যেখানে এই শিল্পকে এগিয়ে নিতে নগদ প্রণোদনাসহ নানা সুবিধা দিয়েছে, সেখানে কিছু ভ্রান্ত নীতির কারণে দেশি মেশিনগুলো আজ জং ধরছে। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, ২০২২-২৩ সালে দেশে ১৪ হাজার কোটি টাকার সুতা আমদানি হয়েছিল, যা ২০২৪-২৫ সালে বেড়ে ২৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
বিটিএমএ সভাপতি অভিযোগ করেন, বিদেশ থেকে কম দামে বা প্রণোদনা প্যাকেজ সংবলিত সুতা আমদানির ফলে দেশীয় ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ সরকার এই শিল্প পুনরুজ্জীবিত করতে কার্যকর কোনো পলিসি নিচ্ছে না।
ব্যবসায়ী এই নেতা আরও বলেন, যে উদ্যোক্তা ২০ বছর ধরে সততার সঙ্গে ব্যবসা করে ব্যাংকের টাকা ফেরত দিয়েছেন, বর্তমানে নতুন মেশিনারিজ বা টিকে থাকার জন্য তার যে সামান্য মূলধনের প্রয়োজন, তা নিশ্চিত করার জন্য বাজেটের পাশাপাশি সঠিক সহায়ক নীতি বা পলিসি ডিমান্ড করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক