মালয়েশিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে এনটিভি দর্শক ফোরাম–মালয়েশিয়ার উদ্যোগে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়েছে।
গত শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল এসটোতে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিসহ শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি পালন করা হয়।
এনটিভি দর্শক ফোরাম-মালয়েশিয়ার উপদেষ্টা মো. মাহবুব আলম শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. আবু মনসুর সাখাওয়াত হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এনটিভি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে প্রবাসীদের সুখ-দুঃখ ও সাফল্যের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরতে চ্যানেলটির ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর একটি শুভেচ্ছা বার্তা প্রদর্শন করা হয় এবং সূচনা বক্তব্য দেন স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী, প্রথম সচিব (প্রেস) মো. তারেকুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও আন্তর্জাতিক মডেল শারমিনিদেবী পারামেইস্প্রান (শারউইতা)।
এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনসহ মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
প্রবাসী সাংবাদিক মোস্তফা ইমরান রাজু ও শিক্ষার্থী মেঘলার সঞ্চালনায় আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া