৭ দাবিতে ইসলামী ব্যাংকের সামনে আবারও সমাবেশ
দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নিয়েছেন ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা। আজ মঙ্গলবার (২ জুন) সকাল থেকে এ বিক্ষোভ করছেন তারা।
এদিন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সদ্য নিয়োগ হওয়া মো. খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। ছুটিতে পাঠানো ওমর ফারুক খানকে ইসলামী ব্যাংকের এমডি পদে পুনর্বহালসহ লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে না রাখার দাবি জানান তারা।
সমাবেশ থেকে গ্রাহকরা দাবি জানান, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে ১৮ (ক) ধারা বাতিল করতে হবে। এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করতে হবে। শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে বিক্ষোভকারীরা ২০১৭ সালে ব্যাংক দখলের আগের পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের সমস্ত শেয়ার বাজেয়াপ্ত করে তা বিক্রির মাধ্যমে ব্যাংকটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মতিঝিল ও দিলকুশা এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইসলামী ব্যাংক টাওয়ারের আশপাশে জলকামানসহ বিপুল পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক