আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
ব্যাংক খাতে সুশাসন, আমানতকারীর স্বার্থ সুরক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। একই সঙ্গে প্রস্তাবিত ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে সংগঠনের উদ্বেগের বিষয়টিও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে।
আজ সোমবার (৮ জুন) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সম্পাদক পরিষদের এক প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে চলমান অস্থিরতার বিষয়টি উঠে আসে। ব্যাংকটির পরিস্থিতি, গ্রাহকদের উদ্বেগ এবং সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার ওপরে প্রভাব নিয়ে আলোচনা হয়। দেশের সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়। উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি খাতে বিনিয়োগের ধীরগতি, কর্মসংস্থান পরিস্থিতি এবং আসন্ন প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে দেশের ব্যাংক খাত এখন নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে মন্তব্যে করে নিউ এইজের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেন, বিপুল খেলাপি ঋণ, ব্যাংক সংস্কারের ধীরগতি, আমানতকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা এবং বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা নিয়ে গভর্নরের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারার সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা হয়েছে।
ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে জানিয়ে নূরুল কবীর বলেন, বিশেষ করে ব্যাংক সংকটে পড়লে আমানতকারীদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বৈঠকে গভর্নর ব্যাংক খাত সংস্কারে নানা উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন এবং আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে বলেও গভর্নর আশ্বাস দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক