ওয়াশিং মেশিন-ওভেনের দাম কমছে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমানো হচ্ছে ফ্লোট গ্লাস ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল। এর ফলে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেনের দাম কমবে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে দেশীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পের বিকাশে ফ্লোট গ্লাস (Float Glass) আমদানির ওপর বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফ্লোট গ্লাস ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল। শুল্ক প্রত্যাহার করা হলে এসব পণ্যের উৎপাদন ব্যয় কমবে এবং স্থানীয় শিল্প আরও প্রতিযোগিতামূলক হওয়ার সুযোগ পাবে। এই উদ্যোগ দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং ভোক্তাদের জন্য পণ্যের মূল্য সহনীয় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক