পশুর চিকিৎসা খাতে নতুন কর সুবিধা
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় পশুসম্পদ খাতের উন্নয়ন এবং ভেটেরিনারি ওষুধ সহজলভ্য করতে ভেটেরিনারি মেডিসিন আমদানিতে নতুন রেয়াতি সুবিধার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের পরিবর্তে জেনেরিক ক্যাটেগরির ভেটেরিনারি ওষুধ আমদানির ক্ষেত্রে শূন্য শতাংশ হারে রেয়াতি সুবিধা প্রদান করা হবে। এই উদ্যোগের ফলে ভেটেরিনারি ওষুধের আমদানি সহজ হবে, বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং পশুপালন ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক