ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ভ্যাট ছাড়
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় অটোমোবাইল শিল্পের বিকাশ ও পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে হাইব্রিড গাড়ি, প্লাগইন হাইব্রিড গাড়ি, থ্রি-হুইলার ও ফোর-হুইলার ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি), ইলেকট্রিক বাস ও ট্রাকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে মূসক (ভ্যাট) অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। সরকারের আশা, এ উদ্যোগ দেশীয় উৎপাদন বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকর্ষণ ও পরিবেশবান্ধব যানবাহন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক