এস আলম কোল্ড রোলড স্টিলসের উৎপাদন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টিলসের কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিটি এমন তথ্য জানায়। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএসই এ তথ্য জানা গেছে।
গত ২ আগস্ট চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধসহ শ্রমিক ছাঁটাই সংবাদ প্রকাশের পর তালিকাভুক্ত এই কোম্পানিটির কাছে তাদের অবস্থান জানতে চেয়ে ডিএসই চিঠি দেয়। এর জবাবে গত ৪ জুলাই ডিএসইকে কোম্পানিটি জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে সৃষ্ট বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
কোম্পানির বলছে, পূর্বনোটিশ ছাড়াই ২০২৪ সালের ৫ আগস্টে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে ব্যাংকগুলো ঋণপত্র খোলায় বিধিনিষেধ আরোপ করা হয়। এর ফলে প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক আমদানি ব্যাহত হয়। এতে ধীরে ধীরে অধিকাংশ দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে দেওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ পড়ে।
আরও বলা হয়, সমস্যাগুলোর সমাধান হলে এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা হবে। এ বিষয়ে ডিএসইকে যথাসময়ে অবহিত করা হবে। তবে কোম্পানিটি বলছে, স্বল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব না হলে এর উল্লেখযোগ্য আর্থিক প্রভাব কোম্পানির ওপর পড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক