উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে।
গতকাল রোববার (২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, রাত দেড়টার দিকে ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
প্রধান প্রকৌশলী আরও জানান, শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। ত্রুটি দেখা দেওয়ার আগে ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)