দুই দফা কমল স্বর্ণের দাম, ভরি কত?
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে কমেছে দুই হাজার ১৫৮ টাকা। এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমেছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, আজ মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
সোমবার (১৩ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় বেচাকেনা হয়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বেচাকেনা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক