দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে
দেশের বাজারে ভরিতে চার হাজার টাকার বেশি কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয় অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশের বাজারে নতুন এই দর অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
এর আগে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমায় গতকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দর অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
এর আগে গত রোববার পর্যন্ত বাজুসের নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকায় বিক্রি হয়েছিল। এ ছাড়া ২১ ক্যারেট দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় বিক্রি হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন ভেদে নির্ধারিত অতিরিক্ত মজুরি যুক্ত হবে। স্বর্ণালংকারের এই মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না।

এনটিভি অনলাইন ডেস্ক