আন্দোলনের মুখে আইআইইউসি বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর নিজাম উদ্দিন।
এদিকে ওইদিন রাত ৯টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছে হলে থাকা চার শতাধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টির ওসমান (রা.) হলের মো. আদনান নামে শরিয়াহ অনুষদের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে গত সোমবার রাতে মারধর করেন ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্র। পরে শিক্ষকরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
এর কিছু দিন আগে ১০ থেকে ১৫ শিক্ষার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করেন।
গতকাল সকাল ১০টার দিকে এসব ঘটনার জেরে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেন। পরে বেলা পৌনে ১টার কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষকদের স্মারকলিপি দেওয়ার জন্য জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী। তাদের অভিযোগ, ক্যাম্পাসে টর্চার সেল বানিয়ে ছাত্রলীগ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নির্যাতন করছে। এ সময় তাদের ওপর ছাত্রলীগের কয়েজন হামলা চালায়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক হুমায়ুন কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে যে নানাভাবে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কর্তৃপক্ষ তা জানেন। প্রশাসন অন্যায় সুযোগ-সুবিধা দিয়ে অনিয়মকে নিয়মে পরিণত করেছে। এর মাশুল ২৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের পোহাতে হচ্ছে।’
কেন্দ্রীয় ছাত্রলীগ, মহানগর, উপজেলা ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যেহেতু আইআইইউসি রাজনীতিমুক্ত তাই এই বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো কার্যক্রম নেই এবং এখানে কাউকে বঙ্গবন্ধুর রাজনীতি করার অনুমোদনও দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ কাওসার আহমেদের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলেননি।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম