ইবির সব পরীক্ষা বন্ধ ঘোষণা
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
এদিকে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়াসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ডায়না মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস ঘুরে শেষে প্রশাসনিক কার্যালয়ের সামনেসহ পর্যায়ক্রমে বিভিন্ন হলের সামনে অবস্থান নেয়।
আবাসিক হল খুলে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ড চলছে। শুধু ক্যাম্পাস বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ক্যাম্পাস বন্ধ থাকলেও বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে চলে এসেছে এবং হল বন্ধ থাকায় তাদের মেসে থাকতে হচ্ছে। হলের বাইরে থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে শিক্ষার্থীরা।
আবাসিক হলগুলো দ্রুত খুলে না দেওয়া হলে লাগাতার আন্দোলন করবে বলে জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক দাবি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আবাসিক হল খোলার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে নেই। তবে বিষয়টি আমরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু এবং ১৭ মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।’
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া