একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে যেভাবে
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত ওই সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ৯ আগস্ট রোববার থেকে ২০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। তবে জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট মঙ্গলবার রাত ৮টায়। শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে) করতে হবে ২৬ আগস্ট বুধবার থেকে ৩০ আগস্ট রোববার রাত ৮টা পর্যন্ত।
দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৩১ আগস্ট সোমবার থেকে চলবে ২ সেপ্টেম্বর বুধবার রাত ৮টা পর্যন্ত।
পছন্দের ক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে একই রাত ৮টাতেই।
দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে) ৫ সেপ্টেম্বর শনিবার থেকে ৬ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টা পর্যন্ত।
তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায়।
তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তৃতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে) ১১ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১২ সেপ্টেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত।
আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ৮টায়। ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
একজন শিক্ষার্থীকে কমপক্ষে পাঁচটি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে। মেধা এবং পছন্দক্রম অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে।
শিক্ষার্থীদের http://www.xiclassadmission.gov.bd অনলাইনে আবেদন করতে হবে। আর নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক