পাবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৪৩ প্রার্থী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ২০টি বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ১২টি কেন্দ্রের ৬২৬টি কক্ষে তিন সেশনে ভর্তি অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় ৮৮০ আসনের বিপরীতে ৩৭ হাজার ৭৭৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রতি আসনের বিপরীতে গড়ে ৪৩ জন অংশগ্রহণ করছেন।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীসহ একটি প্রতিনিধিদল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে।
উপাচার্য বলেন, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ পরিমাণ হয়ে গেছে। ফলে আমাদের সবকিছুই ওইভাবেই প্রস্তুতি করতে হয়েছে এবং আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবার সহযোগিতায় এখানে আল্লাহর রহমতে পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সারা দিনই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করছি, একটা সুন্দর-সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আমরা এবারও উপহার দিতে পারব।’

এ বি এম ফজলুর রহমান, পাবনা