শাবিপ্রবিতে ড. জাফর ইকবালের জন্মদিন উদযাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যাপক, বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের জন্মদিন উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবনের নিচতলায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এ আয়োজন করে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সহধর্মিণী শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইয়াসমিন হক, সিএসই বিভাগের অধ্যাপক রেজা সেলিম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সাইফ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জফির উদ্দিন, ইইই বিভাগের প্রভাষক তুহিন দে প্রমুখ।
জন্মদিন উপলক্ষে দেওয়া এক বক্তব্যে শুভেচ্ছা পাঠানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বরেণ্য এ লেখক। পরে সবার সঙ্গে ৬৪তম জন্মদিনের কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ করেন জাফর ইকবাল-ইয়াসমিন হক দম্পতি।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস নেত্রকোনায় হলেও তিনি ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। বাবার চাকরিসূত্রে তাঁর শৈশব কাটে সিলেটে। বর্তমানে তিনি শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।

শাবিপ্রবি সংবাদদাতা