শাবিপ্রবির ২২তম ব্যাচের র্যাগ ডে উদযাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের (২০১১-১২ শিক্ষাবর্ষ) শিক্ষা সমাপনী (র্যাগ-ডে) উদযাপিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কেক কাটার মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। পরে উপাচার্যের নেতৃত্বে শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, ভারপ্রাপ্ত প্রক্টর মুনসী নাসের ইবনে আফজাল, সহকারী প্রক্টর সামিউল ইসলাম, সহকারী প্রক্টর জাহিদ হাসান, সহকারী প্রক্টর আবু হেনা পহিল প্রমুখ।

র্যাগ ডে উদযাপন কমিটির আহ্বায়ক সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুশফিক ভূঁইয়া জানান, হঠাৎ ক্যাম্পাস বন্ধ হওয়ায় সূচিতে কিছু পরিবর্তন আনতে হয়েছিল। ফলে আজকে অনেকেই আসেনি।
আগামীকাল সন্ধ্যায় হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ’ ব্যান্ডের ওপেন কনসার্ট। এ দিন বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ এবং ‘রিম’ এর পরিবেশনাও থাকবে।
প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে আরো ছিলো রং উৎসব, বিকেলে ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে ডিনার পার্টি।

শাবিপ্রবি সংবাদদাতা