তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে জবিতে বিক্ষোভ
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ শনিবার সকাল ৮টায় এই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব প্রমুখ।
মিছিলটি পুরান ঢাকার রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে নয়াবাজার মোড় হয়ে বংশাল থানার সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, এই অনির্বাচিত সরকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে রাজনীতি থেকে সরানোর চক্রান্ত করছে। তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো চক্রান্তকে রাজপথে থেকে মোকাবিলা করবে ছাত্রদল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি শফিকুল ইসলাম ইমন, মনিরুজ্জামান খান মনির, এ বি এম বাকী জুয়েল, আবদুল হান্নান, আবি আবদুল্লাহ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কে এম শাখাওয়াত হোসাইন, আসাদুজ্জামান আসলাম, আবুল খায়ের ফরায়েজী, মো. সালাউদ্দিন, ইব্রাহিম কবির মিঠু, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সহসাধারণ সম্পাদক শফিক জামিল চৌধুরী, রেদওয়ান উল্লাহ অর্ণব প্রমুখ।

জবি সংবাদদাতা