কুবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্যেই আবার কর্মসূচি!
শিক্ষকদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গত নয়দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা। এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।
এই ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্যেই আজ সোমবার আবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় লোকপ্রশাসন বিভাগের শিক্ষক নাহিদুল ইসলামকে ক্যাম্পাসে তাঁর স্ত্রীর সামনে এক ছাত্র লাঞ্ছিত করে। এ ঘটনায় এখনো অভিযুক্ত ছাত্রকে সাময়িক বহিষ্কার করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্টো এ ঘটনার ইন্ধনদাতা ভারপ্রাপ্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই প্রক্টরকে অব্যাহতি ও অভিযুক্ত ছাত্রকে সাময়িক বহিষ্কার করতে হবে। না হলে ক্লাস ও পরীক্ষায় ফেরার বিষয়ে আলোচনাও স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষক সমিতির অভিযোগগুলো শিক্ষক সুলভ কথা নয়। এগুলো সম্পূর্ণ বানোয়াট।’
১৭ জানুয়ারি রাতে শিক্ষকের বাসায় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এম এম শরীফুল করিমকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া, খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং নতুন প্রক্টরকে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়াসহ ছয় দফা দাবিতে গত ২২ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী বলেন, শিক্ষক সমিতির চলমান আন্দোলনে আজও দুটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২২ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন সেমিস্টারের ২৭টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়। বন্ধ রয়েছে ১৯টি বিভাগের ক্লাসও।
এদিকে ক্লাস ও পরীক্ষা চালুসহ ১১ দফা দাবিতে ২২ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

কুবি সংবাদদাতা