বাগেরহাটের পানগুছি নদীতে সেতুর দাবিতে ঢাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় বাগেরহাট জেলার শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাঁরা এ দাবিতে মানববন্ধন করেন।
গত ২৮ মার্চ পানগুছি নদীতে ট্রলার দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১৮ জনের মতো নিহত হন এবং এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা। তাঁরা বলেন, বাগেরহাটের খরস্রোত পানগুছি নদীতে প্রতিবছর এ রকম মর্মান্তিক নৌ দুর্ঘটনা ঘটে থাকে। এ দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সেতু প্রয়োজন।
ওই এলাকার মানুষকে মৃত্যুপথ থেকে রেহাই পাওয়ার জন্য দ্রুত সেতু তৈরির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নেন শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ছাত্রলীগ নেতা আসিফ তালুকদারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, বাঙলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাননের শিক্ষার্থীরা।

ঢাবি প্রতিবেদক