জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ মে থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে।
সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য নিশ্চয়ন সম্পন্ন করবেন।
পরীক্ষার্থীদের ফি জমা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, ‘সোনালী সেবা’র মাধ্যমে ১৭ জুন থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত টাকা পরিশোধ করা যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফরম ডাউনলোড করতে পারবেন। এ সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আর গ্রেড প্রমোশনের ক্ষেত্রে বলা হয়েছে, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘D’ গ্রেড পেতে হবে।
আর পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক