কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় রুয়েট শিক্ষার্থীর মৃত্যু
ট্রেনের ধাক্কায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আরিফ আহসান সজীব (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নগরীর তেরখাদিয়া এলাকায়। কিন্তু সেখানে বাড়িতে নির্মাণকাজ চলায় তাঁরা কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ রেললাইনের পাশে একটি বাড়ি ভাড়া নেন। বাবা মাহবুবুল হোসেন পল্লী বিদ্যুতের প্রকৌশলী। গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।
ঘটনাস্থল থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। তিনি বলেন, ‘আমি তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে যতটুকু শুনেছি, কানে হেডফোন লাগানো ছিল সজীবের। তাদের বাড়ির নির্মাণকাজ চলছে। সম্ভবত সেজন্য ওয়েল্ডিংয়ের দোকানে কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে রেললাইনের ধার দিয়ে যাচ্ছিল। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন সজীবকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
রফিকুল আলম বেগ আরো বলেন, কাদিরগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এখনো লাশ রয়েছে। সজীবের বাবা-মা সম্ভবত এখন সিলেটে আছেন। তাই ওর মামাসহ আত্মীয়-স্বজনরা লাশের ময়নাতদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

রাবি সংবাদদাতা