শাবিপ্রবিতে সাংবাদিকদের মারধর, কুবিসাসের নিন্দা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের দুই সাংবাদিককে মারধরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।
আজ রোববার কুবিসাসের সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাবিপ্রবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাবিউল আহমদ দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে সাংবাদিক লাঞ্ছিত, মারধর, হুমকি দেওয়া ও পেশাগত কাজে বাধা দেওয়া নতুন নয়। এসব কাজ সাংবাদিক তথা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। এসব কর্মকাণ্ডের বিচার না হওয়ায় দিন দিন তা বাড়ছে। তাই দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গতকাল শাবিপ্রবি ক্যাম্পাসে ঘুরতে গিয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন ছাত্রলীগের কর্মীরা। পরে এর প্রতিবাদ করায় দিপু ও আব্বাসকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।

কুবি সংবাদদাতা