সাঁতারে ১২ সোনা জিতে রেকর্ড সাগরের
পঞ্চম আন্তবিশ্ববিদ্যালয় গেমসে সাঁতারের ১২টি ইভেন্টে অংশ নিয়ে সবকটিতেই স্বর্ণপদক জিতে রেকর্ড গড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র মাহফিজুর রহমান সাগর। এ ছাড়া সর্বনিম্ন ২৫.২০ সেকেন্ড সময় নিয়ে লক্ষ্যে পৌঁছে দ্রুততম জলমানবও হয়েছেন তিনি।
গত শুক্র, শনি ও আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। এগুলোতে অংশ নিয়ে রেকর্ড গড়া সাগরকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দুই বছর আগে আন্তবিশ্ববিদ্যালয় গেমসে একই রেকর্ড গড়েছিলেন সাগর।

আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২৮ মার্চ থেকে শুরু হয় পঞ্চম আন্তবিশ্ববিদ্যালয় গেমস। আজ ছিল গেমসের সমাপনী দিন।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন।

জাবি সংবাদদাতা