শাবিপ্রবি ছাত্রলীগের কমিটি স্থগিত
ছাত্রীকে শ্লীলতাহানি এবং এর প্রতিবাদ করায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ওই কমিটি স্থগিতের ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শাবিপ্রবিতে সাংবাদিকদের ওপর হামলা ও ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কমিটি স্থগিত করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌন হয়রানির অভিযোগে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন এক স্কুলছাত্রীর মা। বিচারক মুহিতুল হক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মালেক জানান, গত ৮ এপ্রিল ফুপাতো ভাইকে নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গিয়েছিল নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রী। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে উত্ত্যক্তের শিকার হয় সে।
এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক নেতা।
আহত শাবিপ্রবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নবিউল আলম দিপু জানান, ওই দিন বিকেলে ক্যাম্পাসে ঘুরতে যান সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা দুই ভাইবোন। এ সময় ছাত্রলীগের সভাপতি পার্থ পক্ষের কর্মী রিয়াদ আরো কয়েকজন নিয়ে তাঁর বোনকে উত্ত্যক্ত করেন। তাঁর বোন প্রতিবাদ করলে তাকে চপেটাঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে তিনি এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়।
নবিউল আলম আরো জানান, তাদের মারধরের খবর পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে যান। সেখানে তাঁরা ছাত্রলীগ নেতা রিয়াদের ছবি তুললে অন্য কর্মীরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। সন্ধ্যার পর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাসকে নিয়ে তিনি প্রেসক্লাব থেকে বেরিয়ে গেলে তাঁদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। পরে তাঁদের দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাবি সংবাদদাতা