হাওরে দুর্গতদের পাশে ছাত্র ইউনিয়ন
হাওরাঞ্চলের দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে ছাত্র ইউনিয়ন। গত সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী এই কার্যক্রম শেষ হবে আগামী ১৩ মে।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় ছাত্র ইউনিয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনটির সাধারণ সম্পাদক লিটন নন্দী।
আগামী ১৩ মে ঢাবির টিএসসিতে ‘হাওরের জন্য গান’ প্রতিবাদ কনসার্টের আয়োজন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
হাওরাঞ্চলের এই দুর্যোগকে মানবসৃষ্ট উল্লেখ করে লিটন নন্দী পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ আমলা, কর্মকর্তা-কর্মচারীদের অবহেলাকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেন।
সংবাদ সম্মেলনে হাওরাঞ্চলের দুর্গত মানুষদের রক্ষায় ক্ষমতাসীন সরকারের প্রতি লিখিত দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, হাওর পরিবেষ্টিত সাতটি এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে এবং অবিলম্বে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পরবর্তী বোরো মৌসুম পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার দাবি জানানো হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে মহাজনী ঋণ ও এনজিওগুলোর ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে অব্যাহতিসহ জলমহালের ইজারা বোরো মৌসুম পর্যন্ত বাতিল করতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষদের দীর্ঘমেয়াদে সরকারি রেশনিং কর্মসূচির আওতায় এনে পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদের হার কমিয়ে নতুন ঋণ মঞ্জুরের আহ্বান জানানো হয়।
এ ছাড়া লিখিত দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও একবেলা খাবার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদানের জন্য বলা হয়। সর্বশেষ এই ভয়াবহ দুর্যোগের জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ আমলা, কর্মকর্তা কর্মচারীদের অবহেলার বিষয়টি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সারা দেশের মানুষদের নিজ নিজ অবস্থান থেকে হাওরাঞ্চলের দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুল্লাহ।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা