বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং বাড়াতে গবেষণার বাজেট বাড়ানো জরুরি
বিশ্বে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং বাড়াতে হলে শিক্ষার পাশাপাশি গবেষণার বাজেট বাড়ানো জরুরি বলে মনে করেন আলোচকরা।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় এ কথা বলেন আলোচকরা। বাজেট আলোচনায় উচ্চশিক্ষা, নারী উদ্যোক্তা উন্নয়ন ও নতুন ভ্যাটনীতি বিষয়ে আলোচনা করা হয়।
উচ্চ শিক্ষা বাজেটকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিগত বাজেটে শিক্ষা খাতে বাজেটের হার কখনো ৬ শতাংশ অতিক্রম করেনি। গত বছরের শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের ১৫ দশমিক ৬ শতাংশ দেওয়া হয়েছে। অথচ ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী বাজেটের ২০ শতাংশ ও জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে দেওয়া উচিত। তাই শিক্ষার পরিমাণের সঙ্গে গুণগত মানও নিশ্চিত করার জন্য টেকসই পদক্ষেপ নিতে হবে।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ায় নারীরা সব ক্ষেত্রে এগিয়েছে। নারী উদ্যোক্তা উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ আরো বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ৫০ ভাগ মানুষ নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
প্রাক বাজেট আলোচনায় বক্তারা বলেন, নতুন ভ্যাটনীতি চালু হবে আগামী ১ জুলাই থেকে। এ নিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেই অনেক অস্পষ্টতা সৃষ্টি হয়েছে।
নতুন বাজেটে খাদ্য নিরাপত্তার লক্ষমাত্রা উন্নীত করার পাশাপাশি হাওর এলাকার জন্য পৃথক বাজেট বরাদ্দ দেওয়া এবং বিশেষায়িত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি ভিত্তিতে করা প্রয়োজন বলে মনে করেন আলোচকরা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. বজলুলহ হক খন্দকার। এতে বাজেটে উচ্চশিক্ষা খাতকে পৃথক গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে টেকসই পদক্ষেপ নিতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করতে হবে এবং নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিতে হবে। অসহায় ও রোগাক্রান্ত প্রবীণদের কল্যাণে প্যালিয়েটিভ কেয়ার সেন্টার স্থাপন এবং সক্ষম প্রবীণদের জন্য সার্ভিস পুল গঠন করতে হবে।
মূল প্রবন্ধে বিশ্বে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং বাড়ানোর জন্য গবেষণায় বাজেট বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি চেয়ারম্যান ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ খন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন ড. মো. রহমত উল্লাহ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা