কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোবটিকসের কর্মশালা
প্রযুক্তির ক্ষমতাবলে দিন দিন সব কিছু চলে আসছে মানুষের হাতের মুঠোয়। যে কোনো দুর্বোধ্য কাজ সহজ হচ্ছে বিজ্ঞানের মাধ্যমে। আর বিজ্ঞান ও প্রযুক্তি মিলিয়ে মানুষ তৈরি করছে রোবট। রোবট দিয়ে সম্পাদন করা যায় না এমন কাজ খুব কমই আছে। সেই রোবট নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রোবটিকসের কর্মশালা। আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২২ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে বাংলাদেশ সায়েন্স সোসাইটি ও কুমিল্লা ইউনির্ভাসিটি আইটি সোসাইটির আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হয় এ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চারটি সেশনের এ কর্মশালায় উপস্থাপন করা হয় রোবট তৈরির প্রাথমিক ধারণা। শিক্ষার্থীরা কোন ধরনের রোবট তৈরিতে আগ্রহ প্রকাশ করছে এ নিয়েও আলোচনা করেন প্রশিক্ষকরা।
সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১১টায় শুরু হয় রোবটের ওপরে প্রাথমিক ধারণা দেওয়ার সেশন। বাংলাদেশ অ্যাডভান্স রোবটিকস রিসার্চ সেন্টারের সিইও জিমি মজুমদার ও এমইও খোরশেদ আলম চারটি সেশনে দিনব্যাপী রোবটের ওপরে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন। কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটির মডারেটর মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি মাহফুজুর রহমান, বাংলাদেশ সায়েন্স সোসাইটির সভাপতি সুমন সাহা, বাংলাদেশ সায়েন্স সোসাইটির ক্যাম্পাস অ্যাম্বাসাডর তাহরিমা তাহসিন লিমা, কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য মাখদুম উল্লাহ, ফাহমিদ হাসান অনিক, নাহিদ ইকবাল, হরিদাস চক্রবর্তী পঙ্কজ। দিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের কর্মশালার সনদ দেওয়া হয়।

কুবি সংবাদদাতা