ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন শফিউল আলম ভূঁইয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়েয়র জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ থেকে আগামী ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত শফিউল আলম ভূঁইয়া ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গত ৩০ জুন থেকে অবসরগ্রহণ প্রস্তুতিমূলক ছুটিতে যান তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই নিয়োগ দেন।
শফিউল আলম ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য। একই সঙ্গে তিনি বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ ও নীল দলের জ্যেষ্ঠ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা