শাবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারকে উকিল নোটিশ!
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া ও রেজিস্ট্রার ইশফাকুল হোসেনকে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজা আক্তার।
গত রোববার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুর রহমানের পক্ষে এ নোটিশটি পাঠানো হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুর রহমান টাইম-স্কেল না পাওয়ায় এ উকিল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজা আক্তার নোটিশে তিনদিনের মধ্যে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন। অন্যথায় তিনি হাইকোর্টে রিট আবেদন করবেন বলে উল্লেখ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ফজলুর রহমান জাতীয় বেতন স্কেল ২০০৯-এর চতুর্থ গ্রেডে বেতনভুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা। সব ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা পূরণ করে নিয়ম অনুযায়ী আবেদন করা সত্ত্বেও তাঁকে টাইম স্কেল দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুর রহমান বলেন, ‘জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী টাইম স্কেল প্রাপ্য হলেও আমাকে বঞ্চিত করা হয়েছে। কোনো এক অদৃশ্য কারণে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান করছেন না।’
বিষয়টি জানতে শাবিপ্রবি উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফজলুর রহমান ২০১৪ সালের ৮ জানুয়ারি তাঁর বেতন স্কেলের (চতুর্থ স্কেল) শেষ সীমায় পৌঁছান। পরের বছর ৮ জানুয়ারি নিয়ম অনুসারে উচ্চতর পরবর্তী সময়ে টাইম স্কেল পাওয়ার আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অডিট শাখাও তাঁর পাওনার বিষয়ে যথাযথ মত দেন। কিন্তু গত বছরের ৩১ জানুয়ারিতে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৯৫তম সভায় আবেদনটি বাতিল করা হয়।

শাবিপ্রবি সংবাদদাতা