ঢাবির ‘ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন ৬ সাংবাদিক
বিভিন্ন বিষয়ে প্রতিবেদন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৭’ দেওয়া হয়েছে ছয় সাংবাদিককে।
আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ওই ছয়জনকে পুরস্কৃত করা হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজনে শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড ও মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়।
শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড থেকে পুরস্কার দেওয়া হয় ডেইলি অবজারভারের আবদুল করিম, দৈনিক বণিক বার্তার সাইফ সুজন, ডেইলি স্টারের মাহদি আল মুত্তাসিন ও প্রথম আলোর আসিফুর রহমানকে।ৱ
অন্যদিকে, মনোয়ারা আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড থেকে পুরস্কার পান দৈনিক যুগান্তরের মাহমুদুল হাসান নয়ন, বিডিনিউজ২৪-এর তপন কান্তি রায় ও ডেইলি স্টারের মাহদি আল মত্তাসিন।
এ সময় উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একবিংশ শতাব্দীতে জ্ঞান-বিজ্ঞান অনেক এগিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বারা মনে হচ্ছে আমরা একটি পল্লীতে বসবাস করছি। এ জায়গায় পৌঁছানোর জন্য যাঁদের অবদান তাঁরা হচ্ছেন সাংবাদিক।’
উপাচার্য আরো বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মেধা। আর সাংবাদিকরাই এ মেধা দিয়ে আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সাংবাদিকরা আমাদের দেশের দুর্নীতি, দেশের সংকট সব কিছুকেই জাতির সামনে তুলে ধরছে। এর ফলে সবাই তাদের ভুল শোধরাতে পারে।’
ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে ও ফররুখ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ ড. মো. কামাল উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারমান অধ্যাপক ড. মুফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা