উৎকোচ গ্রহণের অভিযোগে ইবি কর্মচারী প্রত্যাহার
উৎকোচ গ্রহণের অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী আসলাম আলীকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারী আসলাম আলী উৎকোচ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়েন। ওই ঘটনায় তাঁকে সব ধরনের অফিশিয়াল কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।’
এস এম আবদুল লতিফ আরো বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অফিসের পরিচালক আলী হাসানকে সদস্য ও উপরেজিস্ট্রার চন্দন কুমার দাসকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

ইবি সংবাদদাতা