রাবিতে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস স্টাডিস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) উদ্যোগে আন্তবিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে আগামী বৃহস্পতিবার।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএফডিএফের প্রধান নির্বাহী সদস্য ফাহমিদা আফরোজ।
ফাহমিদা আফরোজ জানান, তিন দিনব্যাপী হতে যাওয়া ওই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অর্ধশতাধিক বিতার্কিক দল। উদ্বোধনী দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে। পরের ৪ আগস্ট একযোগে রাবির রবীন্দ্র, সিরাজী, মমতাজ ও শহীদুল্লাহ্ কলা ভবনে প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, বিশেষ অতিথি উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংগঠনটির উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।
সমাপনী অনুষ্ঠানে ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক বক্তব্য দেবেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. বিরু পাক্ষ পাল।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্ আজম শান্তনু।
প্রকৃত জ্ঞান চর্চা ও মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবাদী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে ২০০৮ সালে যাত্রা করে বিএফডিএফ। সূচনা থেকে সংগঠনটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে আসছে।

রাবি সংবাদদাতা