উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা উল্লেখযোগ্য : রাবি উপাচার্য
বর্তমানে বিশ্বে সব ক্ষেত্রে উন্নয়নে গণমাধ্যমের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।
উপাচার্য বলেন, ‘গণমাধ্যমকে আরো কার্যকর করার জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে গণমাধ্যমের যথাযথ ভূমিকা পালন বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। উচ্চশিক্ষায়তনে এ বিষয়ে পঠন-পাঠন চলছে।’
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘কৃষি উন্নয়নে গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আবদুস সোবহান বলেন, গণমাধ্যমের বিকাশ ও প্রসার এ দেশের উন্নয়নে বিশেষ করে কৃষির উন্নয়নে কী ভূমিকা পালন করছে তা অনুসন্ধান করা জরুরি। যাতে করে একে আরো কার্যকরভাবে ব্যবহার করা যায়। সেই লক্ষ্যে কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, সিনজেনটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সাজ্জাদুল হাসান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাদেমুল ইসলাম। এর ওপর আলোচনা করেন সিনজেনটার কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা আহসান হাবিব খান, বীজ প্রত্যয়ন সংস্থার মো. সিরাজুল ইসলাম, ডেইলি স্টারের রিয়াজ আহমদ, আবু তাওয়াব (মৃত্তিকা গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট)।
বিভাগের প্রভাষক মামুন আবদুল কাইয়ুমের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমদ, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান ড. জিয়াউর রহমান।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা