ঢাবিতে হিযবুত তাহরীর পোস্টার!
রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি ভবনের দেয়ালে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিরাপত্তারক্ষী ও প্রক্টরিয়াল বডির চোখ ফাঁকি দিয়ে সংগঠনটির কর্মীরা ভোররাতের দিকে এ কাজ করে থাকতে পারে।
পোস্টারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদকে হুমকি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আগে যেসব হিযবুত তাহরীর সদস্যকে বহিষ্কার করা হয়েছে, ধারণা করছি এটা তাদের কাজ। এ জন্য আমরা পুলিশের সহযোগিতা নিচ্ছি। তাদের খুঁজে বের করা হবে।’
প্রক্টর আরো জানান, ভোরে প্রক্টরিয়াল বডির সদস্যরা সামাজিক বিজ্ঞান অনুষদ, কলাভবন ও লেকচার থিয়েটার ভবনে পোস্টার দেখতে পান। রাতে অন্ধকারে সেগুলো লাগানো হয়েছে। দেখার পরপরই সেগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে।
বাংলাদেশে ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে হিযবুত তাহরীর কার্যক্রম শুরু করে। ২০০৯ সালের ২২ অক্টোবর সরকার ‘জননিরাপত্তার স্বার্থে’ দলটি নিষিদ্ধ করে। দলটির বেশ কয়েকজন নেতা বর্তমানে কারাগারে আছেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা