বানভাসি মানুষের পাশে ইবি শিক্ষার্থীরা
দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ বুধবরা দুপুর ১টায় জেলার চিরিরবন্দর উপজেলার হাজির মোড় বাজারে ত্রাণ বিতরণ করে তারা।
বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় ) জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ও কুষ্টিয়া ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের জন্য অর্থ সংগ্রহ করে। ওই অর্থ কয়েকদিন ধরে পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে কয়েকটি ইউনিটে বিভক্ত হয়ে বন্যাকবলিতদের মাঝে বিতরণ করে আসছে শিক্ষার্থীরা।

আর বানভাসি মানুষের জন্য ত্রাণ বিতরণের অংশ হিসেবে আজ বুধবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার হাজির মোড় বাজারে ত্রাণ সহায়তা দেয় শিক্ষার্থীরা। এ সময় একশ বন্যার্ত পরিবারের মাঝে তিন কেজি করে চাল, এক কেজি আটা ও ৫০০ গ্রাম সয়াবিন তেল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় চিরিরবন্দর ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. আবু বক্কর শাহ, চিরিরবন্দর বার্তার সম্পাদক মঞ্জুর আলী শাহ, বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য মোরর্শেদ হাবিব, ইরফান মাহমুদ রানা উপস্থিত ছিলেন।

ইবি সংবাদদাতা