ঢাবি উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক আখতারুজ্জামান
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আখতারুজ্জামান ২০১৪ সালে কলা অনুষদের ডিন নির্বাচিত হন।
গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাবি উপাচার্য নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপাচার্য নিয়োগ আসার পরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অমান্য করার অভিযোগ ওঠে। গত ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের জন্য মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। একই সঙ্গে উপাচার্য নির্বাচনে বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ সভা আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে হওয়া রিট আবেদনটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।
আদেশে আপিল বিভাগ বলেন, রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর দায়িত্ব পালন করে যাবেন।
তবে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এই ক্ষমতা রাখেন। তাতে আইনের কোনো ব্যত্যয় হয়নি। তবে এ নিয়ে কিছু বিতর্ক হতে পারে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালের ১৫ জানুয়ারি প্রথম দফায় উপাচার্য হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য ও রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। ওই মেয়াদ শেষে ২০১৩ সালের ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে আরেফিন সিদ্দিককে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেন। ওই নিয়োগ অনুযায়ী তাঁর দায়িত্ব শেষ হয় গত ২৪ আগস্ট।
এদিকে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৯৬৪ সালের ১ জুলাই বরগুনা জেলার আজিজাবাদ উপজেলার কালিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও এমএ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সম্পন্ন করেন।
ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আখতারুজ্জামান। যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের ফুলব্রাইট স্কলার এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ছিলেন আখতারুজ্জামান। ১৯৯০ সালে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালের ১৫ জানুয়ারি সহকারী অধ্যাপক, ২০০০ সালের ২ জানুয়ারি সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।
আখতারুজ্জামান ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান এবং ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ২০০৯ ও ২০১১ সালে সহসভাপতি পদে নির্বাচিত হন।

নিজস্ব প্রতিবেদক