জবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) একযোগে ছয়টি পরীক্ষা কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত) ৪৬০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৫৬ জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৮ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
৩০০০০১ থেকে ৩০১৫২০ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ৩০১৫২১ থেকে ৩০৩০২০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়), ৩০৩০২১ থেকে ৩০৮৮৮২ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ৩০৮৮৮৩ থেকে ৩১০৩৬২ পর্যন্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর, জবি), ৩১০৩৬৩ থেকে ৩১১২৯২ পর্যন্ত ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে (লক্ষ্মীবাজার, ঢাকা), ৩১১২৯৩ থেকে ৩১২১৮২ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার, ঢাকা) এবং ৩১২১৮৩ থেকে ৩১৩০৫৬ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীদের ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই আসন নিতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই সব কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। এর পর কোনো অজুহাতেই কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষাকক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের হাফ শার্ট ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে, তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য। তবে এর সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে, সে ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না, দিলে তাঁর উত্তরপত্র বাতিল করা হবে।
পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র ((Admit Card) অবশ্যই সঙ্গে আনতে হবে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাসসহ ভর্তি-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info)-এ পাওয়া যাবে।

জবি সংবাদদাতা