ইবি প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে তদন্ত কমিটি
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডির বিরুদ্ধ তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
গতকাল রোববার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।
চার সদস্যবিশিষ্ট ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের অধ্যাপক সাইদুর রহমানকে আহ্বায়ক ও পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার মওদুদ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আহসানুল আম্বিয়া।
রেজিস্ট্রার আবদুল লতিফ জানান, একটি জাতীয় দৈনিকে ‘প্রক্টরের হাওয়াই গাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে অতিরিক্ত জ্বালানি পোড়ানোর অভিযোগ তুলে ধরা হয়। বিষয়টি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তদন্ত কমিটি গঠন করেন।
কমিটিকে প্রক্টরের জ্বালানি ব্যবহার মাত্রাতিরিক্ত কি না-সেটা নিরুপণের জন্য ২০০৪ সাল থেকে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির গাড়ি ও জ্বালানি ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতেও কমিটির সদস্যদের জানানো হয়।

ইবি সংবাদদাতা