শাবিপ্রবি ছাত্রলীগ সম্পাদকের ছাত্রত্ব বাতিল
বিশ্ববিদ্যালয়ের নতুন নীতিমালা অনুযায়ী কোর্স সম্পূর্ণ করতে না পারায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানসহ দুজনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
ছাত্রত্ব বাতিল হওয়া অপরজন হচ্ছেন মেহেদী হাসান শিবলী। তাঁরা উভয়ই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।
নতুন নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষার্থী নির্ধারিত ৮ (আর্কিটেকচারে বিভাগের জন্য ১০) সেমিস্টারের অতিরিক্ত সর্বোচ্চ চার সেমিস্টার নিতে পারবে। সে ক্ষেত্রে সর্বশেষ যে সেমিস্টারের পরীক্ষায় ৮০ ভাগ কোর্স সম্পন্ন করেছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেছে,এর ঠিক পরবর্তী সেমিস্টারে ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। ৮০ ভাগ যাদের কোর্স শেষ হবে তাঁরা আরো দুই সেমিস্টার ভর্তির সুযোগ পাবে। এ শর্ত পূরণ না হলে ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতা ইমরান খান ১৪০ ক্রেডিট কোর্সের মধ্যে মাত্র ২৪ ক্রেডিট সম্পন্ন করেছেন। যা মোট ক্রেডিটের ১৭ ভাগ হওয়ায় তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়। অন্যদিকে মেহেদী হাসান শিবলীর ৫০ ভাগ কোর্স সম্পন্ন করায় তাঁরও ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

শাবিপ্রবি সংবাদদাতা