পরীক্ষার ছয় মাস পরও ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের ফল পরীক্ষার ছয় মাস পরও প্রকাশিত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের উদাসীনতার কারণে দীর্ঘদিন পেরিয়ে গেলেও ফল প্রকাশ করা হচ্ছে না।
বিভাগ সূত্রে জানা যায়, আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের পরীক্ষা চলতি বছরের ৬ মার্চ শুরু হয়। মাসব্যাপী ছয়টি কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ১ এপ্রিল পরীক্ষা শেষ হয়। ৪ এপ্রিল মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সম্পন্ন হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, তৃতীয় বর্ষের সাতটি কোর্সের মধ্যে ৩০৭ নম্বর কোর্সটি (কম্পারেটিভ ল) পড়ান বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহেদ। তিনি এখনো উত্তরপত্র মূল্যায়ন না করায় ফল প্রকাশে দেরি হচ্ছে। ওই বর্ষের পরীক্ষা কমিটি বারবার তাঁকে উত্তরপত্র মূল্যায়নের জন্য জানালেও তিনি এখনো মূল্যায়ন করেননি।
কয়েকজন শিক্ষার্থী জানান, পরীক্ষা শেষ হওয়ার পর বিভিন্ন সময় বিভাগে যোগাযোগ করে দ্রুত ফল প্রকাশের দাবি জানান তাঁরা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। প্রতিবার যোগাযোগ করা হলে তাঁদের জানানো হয়, খাতা মূল্যায়ন করা হয়নি, একাডেমিক কমিটির মিটিংয়ে ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার ফল নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছেন শিক্ষার্থীরা। আর কিছুদিন পরেই চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এখনো তৃতীয় বর্ষের ফলই প্রকাশ হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহেদ বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে আমি একটু ব্যস্ত আছি। ফলাফল প্রকাশের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। অতিশিগগিরই ফলাফল প্রকাশ করা হবে।’

রাবি সংবাদদাতা