টানা বর্ষণে রাবি ক্যাম্পাসে জলাবদ্ধতা, ভোগান্তি
টানা দুদিনের বৃষ্টিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় হাঁটুপানি জমে গেছে। চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
এদিকে, আগামীকাল রোববার শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে এরই মধ্যেই অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী চলে এসেছেন, আবার অনেকে আসার পথে। এতে করে ক্যাম্পাসে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির শিকার হতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরও।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে, টুকিটাকি চত্বর, পরিবহন এলাকা, চারটি বিজ্ঞান ভবনসহ শহীদুল্লাহ কলাভবন ও মমতাজউদ্দিন কলাভবনের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলাচলের প্রধান রাস্তাগুলো। এতে করে চরম বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাফি নামের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর শিক্ষক-শিক্ষার্থীসহ সবারই চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।’
মারুফ হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আগামীকাল ভর্তি পরীক্ষা অথচ পুরো ক্যাম্পাসে জলাবদ্ধতা। ভর্তি পরীক্ষা দিতে আসা লাখো শিক্ষার্থী ভোগান্তির শিকার হবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মাথাব্যথা নেই।’
ইমরান হোসেন নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসের অধিকাংশ জায়গা তলিয়ে গেছে। কালকে আমাদের ভর্তি পরীক্ষা। এখন যদি পানি সরে না যায়, তাহলে আমরা ভর্তিচ্ছুসহ আমাদের সঙ্গে থাকা অভিভাবকরা চরম ভোগান্তির শিকার হবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এ সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য আজ বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করব।’

রাবি সংবাদদাতা