টিএসসির সময় নিয়ে সুর পাল্টাল ঢাবি কর্তৃপক্ষ
সমালোচনার মুখে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রিয়াশীল সংগঠনগুলোর কার্যক্রমের সময় আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান এ তথ্য জানান। তবে এ সময় কতক্ষণ বাড়ানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
টিএসসির পরিচালক বলেন, ‘অফিস কার্যক্রমের নোটিশ নিয়ে উপাচার্যের অনুমতিতে আমি সব সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। এতে সময় নির্ধারণের ব্যাপারেও কথা হয়েছে। সংগঠনের নেতারা তাদের মতামত দিয়েছেন। মঙ্গলবার উপাচার্য মহোদয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। অফিস কার্যক্রমের সময় আরো বাড়ানো হতে পারে।’
‘এখন এসব সংগঠনের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। তবে সংগঠনের নেতারা ১০টা পর্যন্ত বাড়ানোর মত দিয়েছে’, যোগ করেন টিএসসির পরিচালক।
গত ১৭ অক্টোবর এক নোটিশের মাধ্যমে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সংগঠনগুলোর কার্যক্রম সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করার কথাও বলা হয়েছে ওই নোটিশে। এর পরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা