নম্বর কম দেওয়ায় ঢাবি শিক্ষককে শারীরিক নির্যাতন!
পরীক্ষায় নম্বর কম দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করেছেন প্রাক্তন দুই শিক্ষার্থী। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিষয়টি জানিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক।
নির্যাতিত ওই শিক্ষকের নাম ড. শেখ মনির উদ্দিন। তিনি চারুকলা অনুষদের শিল্পকলা ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক।
অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন পিটব বিশ্বাস ও রাকিবুল হাসান ফারাজী। তাঁরা শিল্পকলা ইতিহাস বিভাগের এএফএ (অ্যাসোসিয়েট ইন ফাইন আর্টস) দ্বিতীয় পর্বের ২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর দুটি ক্লাস শেষ করে শিক্ষক মনির উদ্দিন তাঁর কক্ষে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ওই দুই শিক্ষার্থী এসে তাঁকে গালিগালাজ করতে থাকেন। তাঁরা শিক্ষকের অফিস সহকারীকে দোতলা থেকে নিচে পাঠিয়ে দেন। এরপর শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে বিভাগের অন্য শিক্ষার্থীরা এসে তাঁকে উদ্ধার করেন।
তবে শারীরিকভাবে আঘাত করার বিষয়টি অস্বীকার করেছেন পিটব ও রাকিবুল। এনটিভি অনলাইনকে তাঁরা বলেন, ওই শিক্ষক তাঁদের কম নম্বর দিয়েছেন। তাই আজ তাঁরা এর কারণ জানতে গিয়েছিলেন।
ঠিকমতো লিখলে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার অধিকার শিক্ষকের নেই উল্লেখ করে পিটব ও রাকিবুল বলেন, সে কারণে তাঁরা উত্তেজিত হয়ে যান। তবে তাঁকে মারধর করেননি।
শিক্ষক মনির উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ক্লাস নিয়ে আমার রুমে গিয়েছিলাম। এমন সময় তারা এসে আমাকে গালিগালাজ করে। তারা ধাক্কা দিয়ে আমাকে বাইরে নিয়ে আসে এবং শারীরিকভাবে নির্যাতন করে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘ওই শিক্ষক আমাকে বিষয়টি জানিয়েছিলেন। পরে আমার কাছে একটা অভিযোগ দিয়েছেন। আমি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা