কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বন্ধের নির্দেশ
আপাতত সব ধরনের নিয়োগ বন্ধ রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
গত ২৫ অক্টোবর শিক্ষক সমিতি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের বিরুদ্ধে নিয়োগে বাণিজ্য, আর্থিক দুর্নীতি, শিক্ষক লাঞ্ছনা, বিচারহীনতার সংস্কৃতি চালু, বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করাসহ বিভিন্ন অভিযোগ এনে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠায়।
এ ছাড়া গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ বোর্ডে সদস্য নিয়োগ প্রদানের প্রতিকার চেয়ে শিক্ষক সমিতি রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদের নিয়োগ বোর্ডে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জি এম আজমল আলী কাওছার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে শিক্ষা ছুটিতে থাকাকালীন নিয়মবহির্ভূতভাবে বসতেন। এমনকি বিদেশে স্কলারশিপ (বৃত্তি) নিয়ে শিক্ষা ছুটিতে থাকাকালেও নিয়োগ বোর্ডে বসতেন। যেখানে শিক্ষা ছুটিতে থাকাকালে পরীক্ষা কমিটি, প্ল্যানিং কমিটিসহ কোনো কমিটিতেই একজন শিক্ষকের থাকার সুযোগ নেই।
এসব বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তুলে ‘ব্যস্ত আছি’ বলে রেখে দেন।


কুবি সংবাদদাতা